ভারতের কৃষিঃ ভারতে ধান উৎপাদনের অনুকূল পরিবেশের বর্ণনা দাও।



প্রশ্নঃ ভারতে ধান উৎপাদনের অনুকূল পরিবেশের বর্ণনা দাও।

 

উত্তরঃ

ধান ভারতের প্রধান খাদ্যশস্য। ধান উৎপাদনে বর্তমানে ভারতে পৃথিবীতে দ্বিতীয় স্থান (প্রথম চিন) অধিকার করে।

ধান চাষের অনুকূল পরিবেশসমূহঃ

ধান উৎপাদনের অনুকূল পরিবেশগুলিকে দুভাগে ভাগ করা যায়। যথা প্রাকৃতিক পরিবেশ ও অর্থনৈতিক পরিবেশ।

প্রাকৃতিক পরিবেশঃ

[০১] জলবায়ু –

ক্রান্তীয় আর্দ্র মৌসুমী জলবায়ুর অন্যতম প্রধান ফসল হলো ধান।

[ক] বৃষ্টিপাত

ধান চাষের জন্য প্রথমাবস্থায় প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন। বৃষ্টিপাতের পরিমাণ গড়ে 150 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটারের মধ্যে হওয়াই বাঞ্ছনীয়। যেসব নদী-উপত্যকা বা বদ্বীপ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বছরে 150 সেন্টিমিটারের কম, সেখানে জলসেচের ব্যবস্থা করে অতিরিক্ত জল সরবরাহ করা প্রয়োজন। ধানের চারা বৃদ্ধি পাওয়ার সময় প্রতিমাসে 12.5 সেন্টিমিটার কিংবা তার বেশি হলে ধান বেশ পুষ্ট হয়। ধান পাকার সময় থেকে সংগ্রহকাল পর্যন্ত শুষ্ক আবহাওয়া প্রয়োজন। এ সময়ে বৃষ্টিপাত শস্যের পক্ষে ক্ষতিকর।

[খ] উষ্ণতা

ধান চাষের জন্য গড়ে 25oC – 27oC উষ্ণতার প্রয়োজন হয়। সাধারণভাবে 16oC – 27oC উষ্ণতার মধ্যে ধানের ফলন ও বৃদ্ধি ভালো হয়। ধান পাকার সময় অন্ততঃ 26oC উষ্ণতার প্রয়োজন হয়।

[০২] মৃত্তিকা

ধান চাষের জন্য উর্বর মৃত্তিকা প্রয়োজন। নদী উপত্যকার উর্বর পলল মৃত্তিকায় ধান সবচেয়ে ভালো জন্মায়। ধান চাষের জন্য প্রথমদিকে জমিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন। এই কারণে পলল মৃত্তিকা স্তরের প্রায় 1 মিটার নীচে অপ্রবেশ্য কাদামাটির স্তর থাকা বাঞ্ছনীয়, যাতে জল মৃত্তিকা স্তরের গভীরে চলে না গিয়ে ওপরের স্তরে দাঁড়িয়ে থাকে।

[০৩] ভূমির অবস্থা

ধান চাষের জন্য সমতলভূমি বিশেষ উপযুক্ত, যাতে জমিতে বাঁধ দিয়ে জল ধরে রাখা সম্ভব হয়। এই কারণে নদী উপত্যকা ও বদ্বীপের নিম্ন জলাভূমিগুলি পৃথিবীতে ধান চাষের প্রধান কেন্দ্র।

অর্থনৈতিক পরিবেশ -   

[০১] শ্রমিক

ধান চাষ শ্রমনিবিড় কৃষিকাজ। ধান চাষের জন্য জমিতে লাঙল দেওয়া, আগাছা পরিষ্কার করা, নিড়ান দেওয়া, চারাকে রোপণ করা, ফসল কাঁটা প্রভৃতি যাবতীয় কাজ প্রধানত হাতেই করা হয়। ফলে ধান চাষের জন্য প্রচুর সুলভ শ্রমিকের প্রয়োজন হয়।

[০২] মূলধন ও যন্ত্রপাতির ব্যবহারঃ

বর্তমানে আধুনিক যন্ত্রপাতি, যেমন ট্র্যাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার ইত্যাদি ধান চাষে ব্যবহৃত হয়। এছাড়া, উচ্চফলনশীল বীজ, সার ও সেচের ব্যবহার দ্বারা নিবিড় প্রথায় চাষ করতে যথেষ্ট মূলধনের প্রয়োজন হয়।

[০৩] চাহিদা ও বাজারঃ

যে অঞ্চলের অধিবাসীদের প্রধান খাদ্য চাল, সেই অঞ্চলে অন্য খাদ্য ফসলের তুলনায় ধানের বেশি চাহিদা থাকে এবং এর ফলে ধান উৎপাদন অগ্রাধিকার পায়।

 

 

আরও দেখোঃ

ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।  

ভারতীয় অর্থনীতিতে রেলপথের গুরুত্ব আলোচনা করো।

 

 

 

Previous
Next Post »

Popular Posts