জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়: উদ্ভিদ হরমোন

প্রশ্ন: হরমোন কাকে বলে? উদ্ভিদের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা সংক্ষেপে লেখো।
উত্তর: 
হরমোন : 
যেসব জৈব রাসায়নিক পদার্থ বিশেষ ধরনের নির্দিষ্ট কতগুলি কোশ বা কোশসমষ্টি (বা প্রাণীদের অনাল গ্রন্থি) থেকে উৎপত্তি লাভ করে অতি অল্প মাত্রায় লক্ষ্য কোশে বাহিত হয়ে কোশগুলির স্বাভাবিক কাজ নিয়ন্ত্রণ করে ও কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাদের হরমোন বলে।
উদ্ভিদের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা : 
উদ্ভিদের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকাগুলি হল—
(ক) উদ্ভিদদেহে সংবেদনশীলতা ও সাড়াপ্রদানের সহায়ক: 
বিভিন্ন বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সংবেদনশীলতা প্রদর্শন ও সাড়া প্রদান সাধারণত ধীর বৃদ্ধিজ চলন বা রসস্ফীত চলনের মাধ্যমে (K+ ও Cl আয়নের চলাচল নিয়ন্ত্রণ দ্বারা) ঘটে থাকে।  
এ ছাড়া উদ্ভিদ কোশের সাইটোপ্লাজমের বিভিন্ন ধরনের স্পন্দন বা চলনও উদ্ভিদের সংবেদনশীলতারই বহিঃপ্রকাশ। এইভাবে উদ্দীপনায় সাড়া দেবার জন্য উদ্ভিদের কোশ, কলা ও অঙ্গের মধ্যে রাসায়নিক বার্তা প্রেরণ এবং সংযোগসাধন বিভিন্ন উদ্ভিদ হরমোনের মাধ্যমে ঘটে থাকে।
(খ) উদ্ভিদের অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধিতে হরমোন : 
উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধির মাধ্যমে কাণ্ড ও মূলের বৃদ্ধি অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। অক্সিন গৌণ ভাজক কলা হিসেবে ক্যাম্বিয়ামকে সক্রিয় করে উদ্ভিদের পার্শ্বীয় বৃদ্ধি বা গৌণ বৃদ্ধিতেও সাহায্য করে। এ ছাড়া কোশ বিভাজন, কোশের আকার ও আয়তন বৃদ্ধির মাধ্যমে উদ্ভিদদেহের সামগ্রিক বৃদ্ধি অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
(গ) পুষ্প প্রস্ফুটনে হরমোন : 
জিব্বেরেলিন, সাইটোকাইনিন প্রভৃতি প্রাকৃতিক হরমোন, ফ্লোরিজেন নামক প্রকল্পিত হরমোন পুষ্প প্রস্ফুটনে সাহায্য করে। 
(ঘ) মুকুলোদ্গমে হরমোন :
সাইটোকাইনিন হরমোনের প্রভাবে উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি ও বিকাশ ঘটে। 
(ঙ) বীজের অঙ্কুরোদ্গমে হরমোন :
জিব্বেরেলিন নামক উদ্ভিদ হরমোন সুপ্তবীজের অঙ্কুরোদ্গম ঘটায়। এই হরমোনের প্রভাবে বীজের মধ্যে a-অ্যামাইলেজ উৎসেচকের ক্রিয়া বৃদ্ধি পায়, ফলে বীজমধ্যস্থ শস্যে সঞ্জিত খাদ্য সরলীকৃত অবস্থায় দ্রুত ভ্রুণে পরিবাহিত হয়। এর ফলে বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত হয়। (চ) ট্রপিক চলন নিয়ন্ত্রণে হরমোন : 
অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা নেয়। উদ্ভিদ অঙ্গে অক্সিনের অসম বণ্টন ফোটোট্রপিক ও জিওট্রপিক চলনে সাহায্য করে।

প্রশ্ন: উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলি লেখো।
উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য : 
(ক) উৎস : 
উদ্ভিদ হরমোন প্রধানত বর্ধনশীল অঙ্গের ভাজক কলার কোশ, বীজ, বীজপত্র, মুকুল ও শস্য থেকে উৎপন্ন হয়। 
(খ) পরিবহণ : 
উদ্ভিদ হরমোন সাধারণত উৎসস্থল থেকে জলে দ্রবীভূত অবস্থায় ব্যাপন প্রক্রিয়ায় ক্রিয়াশীল অঙ্গের লক্ষ্য কোশে পরিবাহিত হয়।
(গ) রাসায়নিক প্রকৃতি : 
উদ্ভিদ হরমোনগুলি সাধারণত আম্লিক (অক্সিন ও জিব্বেরেলিন) ও ক্ষারধর্মী (সাইটোকাইনিন) হয়ে থাকে। 
(ঘ) পরিনতি : 
উদ্ভিদ হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় এবং ওই স্থান থেকে নির্গত হয়।

প্রশ্ন: হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন? উদ্ভিদ হরমোন কত প্রকার ও কী কী উদাহরণসহ লেখো।
উত্তর: 
হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা কেমিক্যাল কো-অর্ডিনেটর বলার কারণ : 
হরমোন জীবদেহের নির্দিষ্ট কতকগুলি কোশ (উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলার কোশ ও প্রাণীর ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থির কোশ) থেকে উৎপন্ন হয়ে ধীরে ধীরে সারাদেহে ছড়িয়ে পড়ে এবং সুনির্দিষ্ট রাসায়নিক গঠনযুক্ত হরমোন টার্গেট কোশের ওপর কাজ করে বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় ঘটায় এবং কাজের পর বিনষ্ট হয়। এর ফলে হরমোনের রাসায়নিক গঠন পরিবর্তিত হয়। সেজন্য হরমোন হল রাসায়নিক সমন্বয় সাধক।
উদ্ভিদ হরমোনের প্রকারভেদ : 
সৃষ্টির পদ্ধতি ও রাসায়নিক প্রকৃতি অনুসারে উদ্ভিদ হরমোন প্রধানত তিন প্রকারের, যথা—
(ক) প্রাকৃতিক উদ্ভিদ হরমোন (Natural Phytohormones) :
অক্সিন, জিব্বেরেলিন, কাইনিন ইত্যাদি। 
(খ) কৃত্রিম উদ্ভিদ হরমোন (Synthetic Phytohormones) : 
ইন্ডোল বিউটারিক অ্যাসিড (IBA), ইন্ডোল প্রোপায়নিক অ্যাসিড (IPA) ইত্যাদি।
(গ)প্রকল্পিত উদ্ভিদ হরমোন (Postulated Phytohormones):
ফ্লোরিজেন, ভারনালিন ইত্যাদি।


Previous
Next Post »

Popular Posts