পৃথিবীর তাপবলয়ঃ
ভূ-পৃষ্ঠের সর্বত্র বায়ুর উষ্ণতা সমান নয়। ভূ-পৃষ্ঠের যে সব অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে সেখানকার উষ্ণতা বেশি এবং যে সব অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে সেখানকার উষ্ণতা কম হয়। এছাড়া বায়ুপ্রবাহ, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্রস্রোত, দিন-রাত্রির দৈর্ঘ্য প্রভৃতি কারণে ভূ-পৃষ্ঠের বিভিন্ন অংশে উষ্ণতার তারতম্য ঘটে। গোলাকার ভূ-পৃষ্ঠকে উষ্ণতার এই তারতম্যের ভিত্তিতে কয়েকটি তাপবলয়ে বা তাপমণ্ডলে ভাগ করা হয়। এগুলি হ’ল
[ক] উষ্ণমণ্ডল,
[খ] উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল,
[গ] দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল,
[ঘ] উত্তর হিমমণ্ডল ও
[ঙ] দক্ষিণ হিমমণ্ডল।
[ক] উষ্ণমণ্ডল [Torrid Zone]
নিরক্ষরেখার উত্তরে ও দক্ষিণে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার (২৩ ১/২° অক্ষরেখা) মধ্যবর্তী অঞ্চলকে উষ্ণমণ্ডল বলে। এই অঞ্চলে সূর্যরশ্মি বছরের অধিকাংশ সময়েই খাড়াভাবে পড়ে (৯০°-৬৬ ১/২° কোণে) এবং মধ্যবর্তী অঞ্চলে বছরে দু’বার সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। নিরক্ষরেখায় সারা বছর মধ্যাহ্ন সূর্যরশ্মি লম্বভাবে পড়ে।
ফলে এই অঞ্চলে সারা বছরই উষ্ণতা অধিক থাকে। এইজন্য এই অঞ্চলকে উষ্ণমণ্ডল বা গ্রীষ্মমণ্ডল বলা হয়। এর গড় বার্ষিক উষ্ণতা প্রায় ২৭°সে.।
[খ] ও [গ] উত্তর ও দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল [Temperate Zone]
কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা থেকে উত্তরে ও দক্ষিণে সূমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত পর্যন্ত অঞ্চলে (৬৬ ১/২° অক্ষরেখা) সূর্যরশ্মি অপেক্ষাকৃত তির্যকভাবে পড়ে (৬৬ ১/২°-২৩ ১/২° কোণে)। ফলে এই অঞ্চলে উষ্ণতা খুব বেশি হয় না, মাঝামাঝি ধরনের হয়। এইজন্য এই অঞ্চলকে নাতিশীতোষ্ণ মণ্ডল বলে। কর্কটক্রান্তি রেখা (২৩ ১/২° উঃ) থেকে সূমেরু বৃত্ত (৬৬ ১/২° উঃ) পর্যন্ত অঞ্চলকে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল এবং মকরক্রান্তি (২৩ ১/২° দঃ) রেখা থেকে কুমেরু বৃত্ত (৬৬ ১/২° দঃ) পর্যন্ত অঞ্চলকে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল বলে।
কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার নিকটবর্তী অঞ্চল এবং সুমেরু ও কুমেরু বৃত্তের নিকটবর্তী অঞ্চলের মধ্যে উষ্ণতার বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। তাই ৪৫° অক্ষরেখা বরাবর উত্তর ও দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডলকে দু'ভাগে ভাগ করা হয়।
[i] ক্রান্তীয় রেখার নিকটবর্তী অঞ্চলে (২৩ ১/২º-৪৫°) উষ্ণতা বেশি বলে এই অংশকে বলা হয় উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল এবং
[ii] সুমেরু ও কুমেরু বৃত্তের নিকটবর্তী অঞ্চলে (৪৫°-৬৬ ১/২º) উষ্ণতা অপেক্ষাকৃত কম বলে এই অংশকে বলা হয় শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। এই অঞ্চলের গড় বার্ষিক উষ্ণতা ২৭°সে. - ০° সে.।
[ঘ] ও [ঙ] উত্তর ও দক্ষিণ হিমমণ্ডল [Frigid Zone] : উত্তর গোলার্ধে সুমেরু বৃত্ত (৬৬ ১/২°) থেকে সুমেরু বিন্দু (৯০° উঃ) পর্যন্ত অঞ্চল এবং দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত (৬৬ ১/২° ), থেকে কুমেরু বিন্দু (৯০° দঃ) পর্যন্ত অঞ্চলে সূর্যরশ্মি ভীষণ তির্যকভাবে পড়ে। মেরুবিন্দুতে একটানা ছয় মাস দিন ও ছয় মাস রাত্রি দেখা যায়। তাই এই অঞ্চলে উষ্ণতা খুবই কম থাকে। অধিকাংশ অঞ্চল বরফে ঢাকা থাকে বলে এই অঞ্চলকে হিমমণ্ডল বলা হয়। উত্তর গোলার্ধের হিমমণ্ডলকে উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ গোলার্ধের হিমমণ্ডলকে দক্ষিণ হিমমণ্ডল বলা হয়। এই অঞ্চলের গড় বার্ষিক উষ্ণতা থাকে ০° সে.-এর কম।

